২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষ

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকেলে পলিটেকনিকের মাঠে ক্রিকেট খেলার সময় ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সুজনকে মারধর করে। ছাত্রলীগ নেতাকর্মীরা রোববার সকালে আবারও সুজনকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে পলিটেকনিক শাখা ছাত্রমৈত্রীর সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শিশিরের নেতৃত্বে নেতাকর্মীরা রোববার দুপুর ২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জসিম উদ্দিন জানান, সংঘর্ষে ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন, কর্মী শাকিল, বাবু ও রহিম আহত হয়েছেন। এদের মধ্যে নিজামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলিটেকনিক শাখা ছাত্রলীগ সভাপতি নিজাম অভিযোগ করেন, পুলিশ তাকে লাঠিপেটা করেছে। ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি মতিউর রহমান বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিপেটা করে। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হন। পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগ নেতাকর্মীদের আহত হওয়ার অভিযোগ অস্বীকার করে বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম বলেন, "সংঘর্ষে তারা আহত হয়েছেন।" এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৩ ঘ.