ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারির দায়ে সরকার সমর্থক ছাত্রলীগের ১৫ জনের ছাত্রত্ব স্থগিত করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
২৪ অক্টোবর কলেজ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে রোববার একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।
কাউন্সিল ৩৫তম ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনের ছাত্রত্ব দুই বছর এবং ১৪ জনের ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
৩২তম ব্যাচের শেখ সৈয়দ মো. শাহিদ, শেখ শামছুসজামান শুভ, ৩৩তম ব্যাচের আতাউল করিম আরবি, ফৈয়জুর রহমান জনি, ৩৪তম ব্যাচের রিয়াদ আলী, সুব্রত রায়, ৩৫তম ব্যাচের রক্তিম দাস, আমিনুর রহমান অপু, তাসলিম আরিফ, আমজাদ হোসেন রনি, আশিকুর রহমান রাজু, ৩৬তম ব্যাচের শাওন দাস, আসাদ আদনান উপল, ৩৭তম ব্যাচের আকিব জাহান এর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ এমএ আজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা ক্লাস বা পরীক্ষায় উপস্থিত থাকতে পারবে না। কিন্তু কলেজ ছাত্রাবাসে থাকতে পারবে এবং ছাত্রত্ব স্থগিতের সময় পার হলে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবে।"
শনিবার তদন্ত কমিটির প্রধান অধ্যাপক এবি এম মাকসুদুল আলম কলেজ অধ্যক্ষ আজহার এর কাছে প্রতিবেদন জমা দেন।
সংঘর্ষের ঘটনায় কোতয়ালি থানায় ছাত্রদের দায়ের করা দুটি মামলা প্রসঙ্গে আজাহার জানান, পরবর্তীতে ছাত্রদের ডেকে এ বিষয়ে মীমাংসা করা হবে।
২৪ অক্টোবর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়।
এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
এসময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের বিচার চেয়ে শিক্ষানবীশ চিকিৎসকরা চার দিন কর্মবিরতি পালন করলে কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৬১০ঘ.
bdnews24