২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত কারমাইকেলের দেড় শতাধিক ছাত্রী

রংপুর কারমাইকেল কলেজের শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলে অন্তত দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বাসি খাবার খেয়ে ছাত্রীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রংপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজের শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলে অন্তত দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বাসি খাবার খেয়ে ছাত্রীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার দুপুর ও বিকেলে অসুস্থদের মধ্যে মুন্নী (২২), মুন্নী-২ (২২), এলিন (২০), গুলজাহান (২০), মনি (২২), শারমিন (২১), ঝুনা (২৩), ফেরদৌসি (১৮), শিমু (২১), পারভীন (২২), ফেন্সী (২১), সামিনা (২৩) ও মোস্তারিনাকে (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রমণ ব্যাধি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীরা অভিযোগ করেন, হলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাদের খাসি ও মুরগির মাংস এবং ডাল খেতে দেওয়া হয়। ওখান থেকে বেঁচে যাওয়া খাবার শুক্রবার দুপুরে আবার দেওয়া হয়। এসব খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন বলেন, পচা বাসি খাবার খাওয়ার কারণে খাদ্যে বিষক্রিয়ায় এরা আক্রান্ত হয়েছেন। কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল ওয়াদুদ তাদের দেখতে দুপুরে হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, "অসুস্থ ছাত্রীদের চিকিৎসার ব্যাবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটল তা তদন্ত করা হবে।" এ বিষয়ে কথা বলার জন্য হল সুপারিনটেনডেন্ট হোসনে আরার সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৪০ ঘ.