ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির কয়েকশ' বহিরাগত নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে।
এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ বছরের ২০ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে।
বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে শিবিরের মিছিল করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে মিছিল করে। দীর্ঘ সময় ধরে মিছিল চললেও প্রক্টরিয়াল বডির কোন সদস্য মিছিলে বাধা দেননি।
এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।
শনিবার ছাত্রলীগ এবং রোববার জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী ক্যাম্পাসে মিছিল করলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।
নিষেধাজ্ঞা অমান্য করার ঘটনায় সাধারণ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে প্রক্টরের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনেছেন।
অভিযোগ অস্বীকার করে প্রক্টর মাহবুবুল আরফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন এ ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে তা কার্যকর করা হবে।"
ইবি শাখা শিবির সভাপতি মাসুদ পারভেজ রাসেল বলেন, "আমরা নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কর্মকাণ্ড পারচালনা করার বিরোধী। কিন্তু শনি ও রোববার বিভিন্ন ছাত্র সংগঠন ক্যাম্পাসে মিছিল করায় আমরাও মিছিল করেছি।"
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আলাউদ্দিন বলেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকটি ছাত্র সংগঠনের ক্যাম্পাসে মিছিল করা দু:খজনক।"
তিনি আরও বলেন, "পরবর্তীতে কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24