২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিপুল পরিমাণ ফরমসহ ৪ জন আটক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিপুল পরিমাণ ফরমসহ রাজধানীর একটি ভর্তি সহায়ক প্রতিষ্ঠান থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরমগুলোকে ভুয়া হিসাবে চিহ্নিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিপুল পরিমাণ ফরমসহ রাজধানীর একটি ভর্তি সহায়ক প্রতিষ্ঠান থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরমগুলোকে ভুয়া হিসাবে চিহ্নিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শেরে বাংলানগর থানার সহকারী পরিদর্শক রজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সোর্স এ্যাডমিশন কনসালটেন্ট' ,'নীড্স এ্যাডমিশন কনসালটেন্ট' ও 'ইউনি-সাইন্স নামের তিনটি প্রতিষ্ঠান থেকে ওইসব ভর্তি ফরম পাওয়া যায়। পুলিশ প্রতিষ্ঠান তিনটিকেই সিল গালা করে দিয়েছে। সহকারী পরিদর্শক বলেন, এরা প্রায় ২৫ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ করে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে আশেপাশের অন্যান্য কোচিং সেন্টারেও অভিযান চালানো হবে।" 'সোর্স এ্যাডমিশন কনসালটেন্ট' থেকে গ্রেপ্তার চারজন হলেন, মো. রানা, আল-আমিন, আনোয়ার হোসেন ও আজিজ। নীড্স এ্যাডমিশন কনসালটেন্ট ও সোর্স এ্যাডমিশন কনসালটেন্ট এর মালিক মোফাজ্জল করিম জাহিদ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "পুলিশ একটি মিথ্যা অভিযোগে আমার প্রতিষ্ঠানের ওপর চড়াও হয়েছে। তারা বিভিন্ন কাজের দলিল ও আসবাবপত্র তছনছ করেছে যা অসংখ্য শিক্ষার্থীর জীবন নিয়ে টানাটানি করার শামিল।" মোফাজ্জল করিম বলেন, "ফরম পূরণের প্রক্রিয়াটি অবৈধ হতে পারে তবে ফরমগুলো কোনভাবেই ভুয়া নয়।" এ বছর দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫ হাজার ফরম বিক্রি করেছেন বলে তিনি জানান। গ্রেপ্তার হওয়া সোর্স কর্মচারী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গত ১৫ দিন যাবত এ প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিদিন এখান থেকে প্রায় ২ হাজার করে ফর্ম বিক্রি হয়েছে। আনোয়ার বলেন, এগুলো ভুয়া কিনা তা তিনি জানেন না। গ্রেপ্তার হওয়া সোর্সের আরেক কর্মচারী আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম ইন্টারনেট থেকে ডাউনলোড করে, সেই নমুনা অনুযায়ী ছাপাখানা থেকে ছেপে আমরা বিক্রি করছি।" তবে ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফরম তারা 'বিভিন্নভাবে সংগ্রহ করে' বিক্রি করছেন বলে তিনি জানান। সোর্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরম কিনেছেন জানিয়ে ঘটনাস্থলে নাজমুল হাফিজুর রহমান নামে এক ভর্তিচ্ছু বলেন, "আমার বন্ধুদের অনেকে এসব প্রতিষ্ঠান থেকে ফরম কিনেছে। তাদের ফরমও ভুয়া কিনা এ নিয়ে তারা শঙ্কায় আছে।" সোর্স থেকে ভুয়া ভর্তি ফরম উদ্ধারের খবরে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের রাস্তায় শতশত ভতিচ্ছু ভিড় জমিয়ে বিক্ষোভ করে। ঢাবির বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা বারোটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে কয়েকজন শিক্ষার্থীর ফরম ভুয়া হিসাবে চিহ্নিত হয়। প্রক্টর বলেন, ওই ভর্তিচ্ছুদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মগেটের 'সোর্স এ্যাডমিশন কনসালটেন্টে' অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' 'খ' 'গ' ও 'ঘ'ইউনিটের কয়েক হাজার ভর্তি ফরম ও প্রবেশ পত্র পাওয়া গেছে।" তিনি বলেন, "প্রাথমিকভাবে এ সকল ফরমকে ভুয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৫৪ঘ.