২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ

কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ওঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ওঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীরা। চার বেডের কক্ষে ছয়জনের পরিবর্তে সাতজনকে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়ে বুধবার দিনে কর্তৃপক্ষ একটি নোটিশ দেয়। পরে একে কেন্দ্র করে রাত ১২টার দিকে ছাত্রীরা বিক্ষোভ শুরু করে। তবে রাত ৩টার দিকে হল প্রাধ্যক্ষের মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রত্যাহার না করায় আবার শুরু হয় বিক্ষোভ। বেলা ১১টার দিকে ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে উপাচার্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রোকেয়া হলের আবাসিক ছাত্রী নাহিদা আরেফিন নিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, এখন থেকে চার বেডের কক্ষে সাতজনকে থাকতে হবে। এরপর রাত ১২টার দিকে ছাত্রীরা বিক্ষোভ শুরু করে এবং তিনটার দিকে প্রাধ্যক্ষ নোটিশ প্রত্যাহারের মৌখিক আশ্বাস দেন। কিন্তু বৃহস্পতিবার অফিস খোলার পরও আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার না করায় ছাত্রীরা রাস্তায় নেমে আসে। তিনি বলেন, "মাস ছয়েক আগে একই ধরনের নোটিশ দিয়ে সাময়িক সময়ের কথা বলে প্রতিরুমে পাঁচজনের পরিবর্তে ছয়জনকে বরাদ্দ দেওয়া শুরু করেছিল কর্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত শিক্ষার্থীদের আজও প্রত্যাহার করা হয়নি।" হল কর্তৃপক্ষ বারবার ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করছে বলে অভিযোগ করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রোকেয়া হলের আবাসিক ছাত্রী রুনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকালে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে স্যার বাসা থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে হলে আসেন এবং নোটিশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন। এতে পরিস্থিতি শান্ত হয়।" এ বিষয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন সঙ্কটের কারণে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনেক মেধাবী ছাত্রীকেও হলে তোলা সম্ভব হয়নি। তাদের পীড়াপীড়িতে প্রতিরুমে একজন করে অতিরিক্ত শিক্ষার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।" তিনি জানান, নির্মাণাধীন চামেলী ভবনের বর্ধিতাংশের নির্মাণ কাজ সম্পন্ন হলেই অতিরিক্ত শিক্ষার্থীদের সেখানে সরিয়ে নেওয়া হতো। এরপরও ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই অতিরিক্ত শিক্ষার্থী তোলার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। প্রাধ্যক্ষ লায়লা জানান, রোকেয়া হলে এমনিতেই সিট সঙ্কট প্রকট। তার ওপর কিছুদিন আগে অনার্স বিল্ডিং পরিত্যক্ত ঘোষণার কারণে সে সঙ্কট আরও বেড়েছে। তখন পরিস্থিতি সামাল দিতে পাঁচজনের রুমে আরেকজন করে শিক্ষার্থীকে ওঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এএল/২৩৩৫ ঘ.