ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা ও মাদারীপুরের কয়েকটি বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া গেছে।
এর মধ্যে মাগুরা সদর উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হয়। মাদারীপুরের কালকিনি উপজেলার একটি বিদ্যালয়ে একই ঘটনা ঘটে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বৃহস্পতিবার এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরু আগে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র জেলা প্রশাসকের হাতে আসে। জেলা প্রশাসক মুহম্মদ দিলোয়ার বখ্ত পরীক্ষা শুরুর আগে প্রশাসনের একটি দলকে মাগুরা শহরের বিভিন্ন বিদ্যালয়ে পাঠিয়ে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নিশ্চিত হন। পরে তিনি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন।
প্রশ্নপত্র তৈরির দায়িত্বে থাকা মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল রহিম জানান, তিনি ১৭ আগস্ট সদরের ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইংরজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ের প্রশ্ন তৈরির দায়িত্ব নেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে নেওয়া প্রশ্নপত্রের মধ্য থেকে বাছাই করে এসব প্রশ্নপত্র তৈরি করা হয়।
তিনি জানান, প্রশ্নপত্রগুলো ছাপানোর পর ৮ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে সিলগালা করে পাঠানো হয়।
শিক্ষা কর্মকর্তা রহিম অভিযোগ করেন, কোন কোন বিদ্যালয় থেকে গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক দাবি করেছেন, অতীতে বিদ্যালয়গুলোর নিজ দায়িত্বে অথবা শিক্ষক সমিতির মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা হতো। কিন্তু কখনই এই ধরনের ফাঁসের ঘটনা ঘটেনি। এবারই প্রথম 'নিয়ম বহির্ভূতভাবে' শিক্ষা কর্মকর্তা এই দায়িত্ব নিয়েছেন। যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম দাবি করেন, ছাত্র-ছাত্রীদের মঙ্গলের জন্যেই পুরো উপজেলায় অভিন্ন প্রশ্নপত্র তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি অভিযোগ করেন, এবার এ ধরনের অভিন্ন প্রশ্নপত্র তৈরির উদ্যোগ নেওয়ায় প্রাইভেট ও কোচিংয়ে ছাত্র পড়ানো শিক্ষকরা বেশ অসুবিধায় পড়ে যান। এদেরই একটি অংশ এই ফাঁসের ঘটনা ঘটিয়েছে বলে তিনি সন্দেহ করছেন। কয়েকটি বিদ্যালয়ে ঘুরে তিনি তার প্রমাণও পেয়েছেন বলে দাবি করেন।
জেলা প্রশাসক মুহম্মদ দিলোয়ার বখ্ত জানান, পরীক্ষা শুরুর আগে একজন সাংবাদিকের কাছ থেকে প্রশ্নপত্র পেয়ে তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখেন। ফাঁস হওয়ার প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়ায় পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
মাদারীপুর: জেলার কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র হালদারকে কারণ জানাতে নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
কালকিনির ইউএনও হাবিবুর রহমান জানান, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি এলাকাবাসী তাকে জানায়।
তিনি ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জিকে বিদ্যালয় পরিদর্শনে পাঠান। শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে প্রধান শিক্ষককে উপজেলায় ডেকে পাঠান।
তিনি জানান, বৃহস্পতিবারের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সব বিষয়ের পরীক্ষা নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জি জানান, পরীক্ষার আগেই প্রশ্নপত্রসহ এলাকাবাসী কালকিনি ইউএনও এর কাছে এসে ফাঁস হওয়ার অভিযোগ করে। তদন্ত করে ঘটনার সত্যতাও পাওয়া যায়।
তিনি বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয় থেকে তৈরি করার কথা থাকলেও প্রধান শিক্ষক বাইরে থেকে প্রশ্নপত্র কিনে এনেছেন। এটাই তার বড় অপরাধ।"
নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র হালদার বলেন, "প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়েছে তা আমি জানি না। আমি এর সঙ্গে জড়িতও নই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24