ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে (চ-ইউনিট) অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার।
সকালে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।
১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চ-ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে http://chaunit.univdhaka.edu সাইটে চ-ইউনিটে ভর্তির আবেদনপত্র পূরণসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক রফিকুন নবী, প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সাত্তার, অংকন ও চিত্রায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফরিদা জামান, গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন কায়সার, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান মো. হামিদুজ্জামান খান, মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/১৯০৯ ঘ.
bdnews24