২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের চাপের মুখে চবির প্রক্টোরিয়াল বডির পদত্যাগ

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের চলমান আন্দোলনের মধ্যেই মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির চার সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে উপাচার্য এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের চলমান আন্দোলনের মধ্যেই মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির চার সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে উপাচার্য এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পরিস্থিতি বিবেচনা করে নতুন প্রক্টর নিয়োগের চিন্তা করা হচ্ছে।" এ তিনজন সহকারী প্রক্টর হলেন- নুরুল ইসলাম, এইচ এস ফারুক আলম এবং আনোয়ার হোসেন। অপর সহকারী প্রক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদের পদত্যাগ পত্র গ্রহণ করেননি উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুপস্থিতিতে মঞ্জুর মোর্শেদ বর্তমানে প্রক্টরিয়াল বডির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এর আগে বেলা ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয় থেকে সব কর্মকর্তা ও কর্মচারীকে বের করে দিয়ে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেয়। এসময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এরপর ৫০/৬০ জন নেতাকর্মী এ ভবনের তৃতীয় তলায় উপাচার্য কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জোর করে বের করে দেয়। তারা এ কার্যালয়ের টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে।" তিনি আরো জানান, প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং আন্দোলনকারী ছাত্রদের শান্ত রেখে প্রশাসনিক কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছেন। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চলমান বিক্ষোভ আন্দোলনের মধ্যে মঙ্গলবারও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শহর থেকে শাটল ট্রেন চলাচল করলেও তাতে শিক্ষার্থীর সংখ্যা ছিল কম। অধিকাংশ বিভাগেই অল্প সংখ্যক ক্লাশ হয়েছে। এদিকে সোমবার মধ্যরাতে চবির ছয়টি আবাসিক হলে এবং ক্যাম্পাস সংলগ্ন কটেজে একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশিকালে পুলিশ কাউকে আটক বা অবৈধ কিছু উদ্ধার করতে পারেনি। সোমবার রাত ১২টা থেকে রাত দুইটা পর্যন্ত চলা এ অভিযানে পুলিশ ছয়টি হলের প্রায় ৮০টি কক্ষের তালা ভেঙ্গে তল্লাশি চালায়। কয়েকটি হলে কিছু অনাবাসিক শিক্ষার্থীকে এসময় আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর পরিচয় দেখে ছেড়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও প্রক্টরিয়াল বোর্ডের কর্মকর্তারা জানান, রাত এগারটার দিকে পাঁচটি বাস, ২০টি মাইক্রোবাস, জিপ ও মোটরসাইকেলে করে পুলিশ এবং র‌্যাব সদস্যরা ক্যাম্পাসে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষকে না জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছেলেদের ছয়টি আবাসিক হল ঘিরে ফেলে। এরপর প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসনকে হল তল্লাশির বিষয়টি জানানো হয় এবং রাত ১১ টা ৫০ মিনিটে সবগুলো হল ও দুটি কটেজে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে হল তল্লাশি শুরু করে। আলাওল হল, এ.এফ.রহমান হল, শাহজালাল হল, সোহরাওয়ার্দী হল, শাহ আমানত হল, শহীদ আবদুর রব হল এবং জি রহমান ও জালাল ভবন কটেজে প্রায় ৮০টি কক্ষ বন্ধ থাকায় সেগুলো ভেঙ্গে তল্লাশি চালায় তারা। তল্লাশি শেষে পুলিশ সুপার কামরুল আহসান সাংবাদিকদের বলেন, "হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে হল তল্লাশি করা হয়েছে। তবে কোন অস্ত্র উদ্ধার বা বহিররাগত কাউকে পাওয়া যায়নি।" দীর্ঘদিন ধরে চবির ছয়টি হল ইসলামী ছাত্র শিবিরের দখলে রয়েছে। চবিতে বিএনপি-জামায়াত প্রশাসনের সহযোগিতায় হলগুলোতে ছাত্রশিবির একচ্ছত্র দখলদারিত্ব বজায় রেখেছে বলে অভিযোগ তুলেছে ছাত্রলীগ। ছাত্রলীগ এ হলগুলোতে পুনরায় আসন বন্টন এবং সহ অবস্থানের দাবি জানিয়ে আন্দোলন করছে। প্রত্যক্ষদর্শরিা জানায়, শুক্রবার রাতে ক্যাম্পাসের হাসান কটেজ থেকে ছাত্রশিবির কর্মীরা জোর করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়ে কটেজটিতে তালা ঝুলিয়ে দেয়। ছাত্রলীগ শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে করে পরবর্তী দুই দিন ক্যাম্পাস অচল থাকার পর রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় মূল ফটক ও বিশবিদ্যালয়ের সকল ভবনের তালা খুলে দেয়। ছাত্রলীগ অবরোধ তুলে নিলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। তবে রোববার উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের দিক নির্দেশনা না থাকায় তিনি পদত্যাগ করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এফএফ/১৫০৭ ঘ.