২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি পরিস্থিতির কারণে বিজ্ঞান অনুষদের পরীক্ষা আবার পেছালো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে বিজ্ঞান অনুষদের পরীক্ষাগুলো আরেক দফা পেছানো হয়েছে। এবার ১৫ জানুয়ারি পর্যন্ত ওই অনুষদের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ১২ তারিখ পর্যন্ত ৭৪ টি পরীক্ষা স্থগিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে বিজ্ঞান অনুষদের পরীক্ষাগুলো আরেক দফা পেছানো হয়েছে। এবার ১৫ জানুয়ারি পর্যন্ত ওই অনুষদের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ১২ তারিখ পর্যন্ত ৭৪ টি পরীক্ষা স্থগিত ছিলো। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিনস কমিটির বৈঠকের পর বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার কারণে শিক্ষার্থীরা হলে এবং ক্যাম্পাসে আসতে পারছে না। বিভিন্ন অনুষদের ডিনরা শিক্ষার্থীদের কাছ থেকে এরকম অভিযোগ পাচ্ছেন। সদরুল আমিন জানান, উদ্ভুত পরিস্থিতির কারণে এখন থেকে পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত সংশ্লিষ্ট অনুষদের ডিনই নিতে পারবেন, ডিনের সিদ্ধান্তই ডিনস কমিটির সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নিতে হবে না। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে বিভিন্ন হলে শিক্ষার্থীদের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার জন্যে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্বাচনের পর থেকে ক্যাম্পাসে ছাত্রদল কর্মীদের মারধরের ঘটনায় বিএনপি সমর্থিত সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিস্থিতির উন্নয়নে রোববার দু'দিনের আল্টিমেটাম দেয়। এ ঘটনার পরই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনার জন্যে ডিনস কমিটির বৈঠক হলো। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এস এম এ ফায়েজ তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে রোববার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। ছাত্রলীগের মতবিনিময় সভা সোমবার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন এতে ছাত্রদলকে 'একটি ছাত্র সংগঠন' হিসেবে উল্লেখ করে বলেন, তারা যে ধর্মঘটের কথা বলছে তা অযৌক্তিক'। সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, 'ক্যাম্পাসে ২০০১ সালে যে ধরণের ঘটনা ঘটেছে তার কিছুই হয়নি। রাজনৈতিক ঘটনার কোনো পুনরাবৃত্তি হয়নি।" 'বানোয়াট কিছু করে' ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্টো অভিযোগ করেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, "ধর্মঘটের কথা বলে একদিনও ক্যাম্পাস বন্ধ করার চেষ্টা করলে রক্ত দিয়ে হলেও তা প্রতিরোধ করা হবে।" তিনি আরো বলেন, কোনো ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে 'অসাংগঠনিক' কর্মকাণ্ডের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০১১ঘ.