নড়াইল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ায় সোমবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচূর করেছে ছাত্ররা।
অধ্যক্ষ সুধীর কুমার পাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ২৫/৩০ জন ছাত্রকে আসামি করে নড়াইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অধ্যক্ষ সাংবাদিকদের জানান, শিক্ষক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ২০০৯ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে না। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্ররা সোমবার দুুপুরে তার কক্ষে এসে ফরম পূরণের সুযোগ দাবি করে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানালে তারা কক্ষ ভাঙচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।
অধ্যক্ষ সুধীর কুমার জানান, এ ঘটনায় তিনি সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসূল আজম মাসুমসহ ২৫/৩০জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন।
থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্ররা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে অধ্যক্ষের কক্ষসহ দুটি কক্ষের কাচ ভাঙচুর করেছে।
নড়াইলের পুলিশ সুপার কামরুল আহসান ভিক্টোরিয়া কলেজে অধ্যক্ষের কক্ষ ভাঙচূরের কথা স্বীকার করে জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, কলেজে সৃষ্ট সমস্যা মিটে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24