২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যাহতি চেয়েছেন ঢাবি উপাচার্য এস এম এ ফায়েজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রোববার বিকেল পাঁচটায় শিক্ষা সচিবের কাছে চিঠি ও ফ্যাক্স পাঠিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রোববার বিকেল পাঁচটায় শিক্ষা সচিবের কাছে চিঠি ও ফ্যাক্স পাঠিয়েছেন। 'সৌজন্যবোধ এবং পদের মর্যাদা রক্ষায়' তিনি খুব শীঘ্রই দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন বলে দুপুরে ক্যাম্পাসে সাংবাদিকদের জানান উপাচার্য। দৃশ্যত ক্যাম্পাসে গত কয়েকদিনের ছাত্র সহিংসতার পরিপ্রেক্ষিতে তিনি এ উদ্যোগ নিলেন। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সচিব বরাবর ফ্যাক্স ও বাহকের হাতে পাঠানো চিঠি মারফত তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন। অধ্যাপক ফায়েজ বলেন, "যে পর্যন্ত কর্তৃপক্ষ এ চিঠির ব্যাপারে ব্যবস্থা না নেবেন সে পর্যন্ত আমি দায়িত্ব পালন করে যাবো।" উপাচার্য কার্যালয় রোববার বিকেলে এ খবর নিশ্চিত করার পর বেশ কিছুক্ষণ চেষ্টা করে রাত দশটায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়। সন্ধ্যায় উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা এ বি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বিকেলে চিঠি পাঠিয়েছেন'। রোববার রাত আটটা পর্যন্ত এ পত্র পাওয়া যায়নি বলে শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছেন। এর আগে অধ্যাপক ফায়েজ দুপুরে সাংবাদিকদের বলেন, তিনি শনিবার এ বিষয়ে একটি খসড়া পত্র তৈরি করেছেন এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে এ চিঠি পাঠাবেন। উপাচার্য তখন বলেন, 'সৌজন্যবোধ এবং পদের মর্যাদা রক্ষায়' তিনি খুব শীঘ্রই দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন। অধ্যাপক ফায়েজ ২০০২ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। এরপর ১৯৭৩ সালের অর্ডিন্যান্স অনুযায়ী আচার্য রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাকে 'সম্পূর্ণ সাময়িকভাবে' নিয়োগ দেন ২০০৮ সালের ৩১ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৫ঘ.