২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র হলে অবস্থান নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগকর্মীরা তাদের কর্মীদের হল থেকে বের করে দিয়েছে। হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র হলে অবস্থান নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগকর্মীরা তাদের কর্মীদের হল থেকে বের করে দিয়েছে। হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হলের ছাত্ররা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে প্রায় অর্ধশত ছাত্রলীগকর্মী হলে ঢুকে ছাত্রদলের নেতা-কর্মীদের খুঁজতে থাকে। বিভিন্ন কক্ষ থেকে ছাত্রদলের কর্মীদের বের করে দেয় তারা। ছাত্রদল কর্মীরা অভিযোগ করেছে, তাদের মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলে অস্থিতিশীলতার খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ (শনিবার) দুটি সংগঠনের সঙ্গেই আলোচনায় বসব আমরা।" এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলে থাকার অধিকার সব সংগঠনের শিক্ষার্থীদেরই রয়েছে। এতদিন ছাত্রদল নেতা-কর্মীরা আমাদের কর্মীদের হলে থাকতে দেয়নি। এখন আমাদের কর্মীরা হলে উঠেছে।" ছাত্রলীগ ক্যাম্পাস শান্তিপূর্ণ রাখতে চায় জানিয়ে রিপন বলেন, "ছাত্রদলের কোনও কর্মীকে মারধর কিংবা কাউকে বের করে দেওয়া হয়নি।" গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের মধ্যে হলে অবস্থান নিয়ে উত্তেজনা দেখা দেয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬২টি আসন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরদিকে বিগত সরকারে থাকা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পায় ৩২টি আসন। বিগত সময়গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, সরকারি দলের ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসগুলো (হল) 'দখল' করে রাখত। তারা বিরোধী দলের ছাত্র সংগঠনের কর্মীদের ছাত্রবাসে থাকতে দিত না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩২ ঘ.