আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্বদ্যিালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দখলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় হল ছেড়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ফাঁকা হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল। আর এতে চাপ পড়েছে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার মেসগুলোতে।
ছাত্রদের অনেকেই পড়াশোনা বাদ দিয়ে হন্যে হয়ে খুঁজছেন 'নিরাপদ আশ্রয়'।
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয়লাভের পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক ছাত্র হল ঘুরে দেখা গেছে এই চিত্র।
শাহজালাল হলের ২১৫ নম্বর কক্ষে বৈধভাবেই থাকতেন ব্যবস্থাপনা বিভাগের মুস্তাফিজুর রহমান। তবে বৃহস্পতিবার তিনি হল ছেড়ে চলে যান। তার বন্ধু একই বিভাগের সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভাব্য সংঘর্ষের আশংকায় মুস্তাফিজ হল ছেড়ে চলে গেছেন।
এর একদিন আগে শাহ আমানত হলের ১০৮ নম্বর কক্ষ ত্যাগ করেন উদ্ভিদ বিজ্ঞানের আব্দুর রশিদ।
বৃহস্পতিবার এফ রহমান হলের ৩১৩ কক্ষের রেজোয়ান আহমেদ তার বইপত্র ও অন্যান্য আসবাব শহরে তার এক আত্মীয়ের বাসায় রেখে আসেন দ্রুত সটকে পড়ার সুবিধার্থে।
তিনি বলেন, "কোন ঘটনা ঘটলে দ্রুত হল ত্যাগ করার সুবিধার্থে জিনিসপত্র শহরে এক আত্মীয়ের বাসায় রেখে এসেছি।"
কর্তৃপক্ষ প্রভোস্টদের নিয়মিত হল পরিদর্শন এবং বৈধ ছাত্রদের হলে উঠতে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় প্রভোস্টদের নিয়মিত হল পরিদর্শন ও বৈধ ছাত্রদের হলে ওঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়।
এদিকে, সংঘর্ষের আশংকায় হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীরা পড়েছে আবাসন সমস্যায়। এসব শিক্ষার্থীর এখন সময় কাটছে শহরে বা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে মেস খুঁজে।
শহীদ সোহরাওয়ার্দী হলের ২১৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র বাংলার ছাত্র আব্দুল লতিফ এবং একই হলের ২৩৪ নম্বর কক্ষের ইফতেখার হোসাইন নির্বাচনের পরদিন থেকেই মেস খুঁজছেন বলে জানালেন। তাদের অভিমত, কখন কি হয় বলা যায় না। আগেভাগেই হল ত্যাগ করা ভাল।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে ঠিক। তাদের মধ্যে হয়তো কোন আতঙ্ক কাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা ছাত্রসংগঠনগুলোর সাথে আলোচনা করেছি।"
শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল করিম বলেন, "বৃহস্পতিবার হল পরিদর্শন করে দেখেছি অনেক শিক্ষার্থীরাই হল ছেড়ে চলে গেছে। বুধবার উপাচার্য কার্যালয়ে প্রভোস্ট এবং প্রক্টরদের নিয়ে সভায় আমাদের ঘন ঘন হল পরিদর্শন করতে বলা হয়েছে। কোন বৈধ ছাত্র যদি হলে উঠতে চায় তাহলে তার ব্যবস্থা করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।"
দৃশ্যত ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছাত্রদের শঙ্কিত হওয়ার যৌক্তিক কারণ আছে। প্রায় সাত বছর পর বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ প্রথমবারের মতো আবাসিক হলগুলোর সামনের সড়কে মিছিল করেছে। চবি ক্যাম্পাসে বেশ কয়েকবছর ধরেই জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের আধিপত্য চলছে।
চবি ছাত্রলীগ সহ-সভাপতি মো. আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘাতের পথে নয়, আমরা বৈধভাবেই হলে উঠতে চাই। পাশাপাশি হলগুলোতে আসন বণ্টনের পুর্নমূল্যায়ন চাই।"
বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তার সংগঠনের 'একচ্ছত্র আধিপত্য' বহাল রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, "এই পরিস্থিতিতে কোন সংগঠন বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের যেকোন মূল্যে প্রতিহত করব।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব, শাহ আমানত, শহীদ সোহরাওয়ার্দী, এফ রহমান, আলাওল ও শাহাজালালসহ ছয়টি ছাত্র হল ও ক্যাম্পাস সংলগ্ন অর্ধশতাধিক কটেজে বর্তমানে ছাত্র শিবিরের আধিপত্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএল/এসকে/২২৪১ঘ.
bdnews24