জবি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স তিন বছর হতে চললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জন্মের দিনটি যে কবে তা বুঝে উঠতে পারছে না কেউ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফলক উন্মোচনের দিন নাকি সংসদে আইন পাশ না একাডেমিক কার্যকম শুরুর তারিখ- কোনটিকে যে প্রতিষ্ঠার দিন ধরা হবে তা নিয়ে মহাফাঁপড়ে আছে কর্তৃপক্ষ। আর এই ধাঁধায় গত দুই বছরের মতো এবারও প্রতিষ্ঠার বার্ষিকীর উৎসব হবে না ভেবে হতাশ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা।
অর্থনীতির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোমা ইসলাম, জুয়েল খান, আরিফুর রহমান দুঃখ করে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। জবিতে হয় না কারণ, এর প্রতিষ্ঠার কোন নির্দিষ্ট দিন নেই।
তারা দ্রুত প্রতিষ্ঠাবার্ষিকী নির্ধারণ করার দাবি জানান।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের সম্ভাব্য তিনটি প্রতিষ্ঠা তারিখ রয়েছে- ২ নম্ভেবর, ২৭ সেপ্টেম্বর ও ২০ অক্টোবর। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসল প্রতিষ্ঠা দিবস কোনটি।
তিনি জানান, ১৯৯৫ সালের ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে পাশ হয়। একই বছর ২০ অক্টোবর ড. সিরাজুল ইসলাম খান সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্য হিসেবে যোগ দেয়ায় আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যকম শুরু হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রতিষ্ঠা বার্ষিকী নির্ধারণের বিষয়টি উত্থাপিত হবে বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএইচবি/১৯৪১ ঘ.
bdnews24