জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আমির ফয়সাল রহমান কিশোরকে রোববার সন্ধ্যায় পিটিয়ে মারাত্মক আহত করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে।
বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা জানান, হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার প্রশাসনকে তারা স্মারকলিপি দেবেন।
কিশোর ও সাদিকা রুমন নামে আরেক শিক্ষার্থী যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনের অপসারণের দাবিতে সমাজবিজ্ঞান ভবনে বসে রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য স্মারকলিপি লেখার সময় অপরিচিত কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। রড, লাঠি ও হকিস্টিকধারী সন্ত্রাসীদের পিটুনিতে কিশোরের দু'হাতই ভেঙে গেছে। তবে সন্ত্রাসীরা রুমনকে আঘাত করেনি।
শিক্ষার্থীরা কিশোরকে উদ্ধার করে প্রথমে জাবি চিকিৎসা কেন্দ্র এবং পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠায়।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেনকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
তাকে অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতিকে স্মারণলিপি দেওয়ার কথা রয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছানোয়ারকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানোর পর শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরোধ করে।
কিছু সময় পরে অবরোধ তুলে নিয়ে শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা অনশন শুরু করে। তবে রাত ১২ টার দিকে অনশন প্রত্যাহার করে তারা ওই শিক্ষকের অপসারণের দাবি জানায় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগীয় সভাপতি ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন।
'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে গত চার মাস ধরে অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে অনন্দালন করছে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২২২৫ঘ.
bdnews24