ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবু হোসেন বলেছেন, জবির আইনের কিছু ধারা সংশোধন ও সরকারের বাড়তি অনুদান ছাড়া ২০১৩ সালের পর প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না।
শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, "২০১৩ সালের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালানোর জন্য আয় থেকে ব্যয় চালানোর যে কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ অবাস্তব একটি ধারণা।"
ড. আবু হোসেন বলেন, আইনের ২৭(৪) ধারা অনুযায়ী প্রতি বছর সরকারি অনুদান কমবে এবং ২০১৩ সালের পর সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আর কোন প্রকার আর্থিক অনুদান দেবে না। তখন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা বেতন এবং ভর্তি ফরম বিক্রির ৪০ ভাগ অর্থের ওপর নির্ভরশীল হতে হবে।
জবির ভারপ্রাপ্ত উপাচার্য উল্লিখিত আয় দিয়ে কোনওভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না। তিনি বলেন, সকল বিশ্ববিদ্যালয়ের আইনের সঙ্গে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের 'অসঙ্গতিপূর্ণ' ধারাগুলো দ্রুত পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১০১ঘ.
bdnews24