ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক ছাত্রকে মারধরের ঘটনার জের ধরে রোববার বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
সকালে চিড়িয়াখানা রোডে টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দা ইলিয়াস আলী ও তার ছেলে স্বপন বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্র শিবলীকে মারধর করে। এ ঘটনায় শনিবারই মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকেলে ক্লাশ শেষ করে শিবলীসহ কিছু শিক্ষার্থী ইলিয়াস আলীর বাসার সামনে বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় তারা উচ্চস্বরে কথা বলায় ইলিয়াস আলী তাদের বকাঝকা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ইলিয়াস আলী ও তার ছেলে স্বপন এক পর্যায়ে শিবলীকে বাসার ভেতরে নিয়ে গিয়ে মারধর করে।"
এর প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার সকালে বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা চিড়িয়াখানা রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
পরে দুপুরে পুলিশ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24