ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সশস্ত্র বাহিনীর জন্য স্থাপিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপাচার্য নিয়োগ পেয়েছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটির) কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল ওয়াদুদ।
শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইয়াজউদ্দিন আহম্মেদ বিইউপি অধ্যাদেশ ২০০৮ অনুযায়ী মেজর জেনারেল আব্দুল ওয়াদুদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্তবর্তীকালীন সময়ের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
২০০১ সালের জুনে বিইউপি প্রতিষ্ঠার জন্য একটি বোর্ড গঠন করে সরকার। এর পর চলতি বছরের ৫ জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের আওতায় রয়েছে সশস্ত্র বাহিনীর নয়টি উচ্চ শিক্ষা কলেজ, ইন্সটিটিউট ও একাডেমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/জিএনএ/১৫৫৯ ঘ.
bdnews24