২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গড়ে উঠা 'জাতীয় প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ'র ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা ব্র্যাকের অধীনে প্রশিক্ষণের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবিতে স্লোগান দেয়। সমন্বয় পরিষদের সদস্য সচিব মুহাম্মদ শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্র্যাক সুদের ব্যবসা করে। সুদের ব্যবসাকে প্রসারিত করার জন্যই তারা প্রাথমিক শিক্ষার ওপর নজর দিয়েছে। আর সরকার ব্র্যাকের মতো একটি এনজিও'র হাতে প্রাথমিক শিক্ষাকে তুলে দিয়ে সংবিধান পরিপন্থী কাজ করছে।" সরকারের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করার ষড়যন্ত্র-এ দাবি করে ওই শিক্ষক নেতা বলেন, "শিক্ষকরা এটা কোনোভাবেই হতে দেবে না।" শামসুল আলম জানান, একই দাবিতে ঈদের পর আগামী ১৬ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। একই দিনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। গত মার্চে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক শিক্ষকরা শুরু থেকেই ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি সমন্বয়ে জাতীয় প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ গঠন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৭৫৫ ঘ.