ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা ক্যাম্প সরানো নিয়ে ক্যাম্পাসে সংঘটিত সহিংস বিক্ষোভের পর ছাত্র ও শিক্ষকদের গ্রেপ্তারের স্মরণে ২৩ আগস্ট 'কালো দিবস' পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতি ওই দিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সমিতি ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী-কর্মচারিদের কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে যাওয়া ও বিকাল ৪টায় টিএসটিতে অনুষ্ঠেয় আলোচনা সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সিনেট সভায় দিবসটিকে কালো দিবস পালনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এর আলোকে গত ২০ আগস্ট সমিতির জরুরি বৈঠকে কালো দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়।
গত বছরের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সেনা ক্যাম্প অপসারণের দাবিতে সহিংস বিক্ষোভের এক পর্যায়ে ২৩ তারিখে শিক্ষক নেতা অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় পরে সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং কয়েকজন ছাত্র গ্রেপ্তার হন।
বিশ্ববিদ্যালয় মাঠে খেলা দেখার সময় ক্যাম্পের সেনাসদস্য ও ছাত্রদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রকে লাঞ্ছিত করা হলে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৩৫১ঘ.
bdnews24