রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার চারুকলা বিষয়ক মাল্টিমিডিয়া সিডি 'আর্ট অ্যান্ড আর্টিস্ট অব বাংলাদেশ' এর বিশেষ প্রদর্শনী হয়েছে।
চার পর্বে সাজানো এই সিডিতে শিল্পাচার্য জয়নুলসহ চার গুরুস্থানীয় শিল্পীর দুর্লভ ভিডিও ফুটেজ এবং তাদের সংক্ষিপ্ত জীবন ও কাজ নিয়ে শিল্প সমালোচকদের লেখা প্রবন্ধ স্থান পেয়েছে। রয়েছে ২০৬ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আাঁকা প্রায় দুই হাজার ছয়শ' চিত্রকর্মের ফটোগ্রাফ এবং তাদের জীবনী।
এছাড়াও দেশের বিভন্ন আর্ট কলেজ, ইনস্টিটিউট এবং আর্ট গ্যালারির তথ্য ও ভারতীয় শিল্পের প্রায় তিন হাজার বছরের সংক্ষিপ্ত ইতিহাস প্রদর্শনীতে তুলে ধরা হয়।
রাখাল বালক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান 'আর্ট অ্যান্ড আর্টিস্ট অব বাংলাদেশ' শিরোনামের সিডিটি তৈরি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এর প্রদর্শনী হয়।
সিডিতে সন্নিবেশিত তথ্যগুলো ইংরেজি ভাষায় এবং আর্টিস্ট, প্লেটস, ক্লোজআপ ও টাইপলাইন- এই চার পর্বে সাজানো।
আর্টিস্ট পর্বে রয়েছে দেশের ২০৬জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের প্রায় দুই হাজার ছয়শটি চিত্রকর্মের ফটোগ্রাফ এবং শিল্পীদের বায়োগ্রাফি। প্লেটস অংশে রয়েছে শিল্পীদের কাজের ফটোগ্রাফের স্লাইড শো।
ক্লোজআপ অংশে রয়েছে জয়নুল-কামরুল-সুলতান-সফিউদ্দিন এই চার গুরুস্থানীয় শিল্পীর দুর্লভ ভিডিও ফুটেজ এবং তাঁদের জীবন ও কাজ নিয়ে লেখা বিভিন্ন শিল্প সমালোচকের প্রবন্ধ।
টাইম লাইন পর্বে ১৯৭৪ সাল থেকে শুরু করে ২০০৭ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব-পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে ঘটে যাওয়া চারুকলা বিষয়ক উল্লেখযোগ্য ঘটনাবলীর ধারাবাহিক বয়ান।
চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, "এই মাল্টিমিডিয়া সিডিটি ইংরেজি ভাষায় করায় বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্বের দরবারে উপস্থাপন করা সম্ভব।" এ জন্য সবাইকে এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।
প্রদর্শনী আয়োজন প্রসঙ্গে বিভাগের শিক্ষার্র্থী রজতকান্তি রায় জানান, দেশে চারুকলা বিষয়ে এ ধরনের প্রদর্শনী এটাই প্রথম। এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী, কলাকুশলী, শিল্পানুরাগী, ছাত্র-শিক্ষক, ইতিহাসবিদ এবং জ্ঞানপিপাসুসহ সবার প্রয়োজন অনেকাংশে মেটানো সম্ভব বলে তিনি মনে করেন।
প্রদর্শনী দেখতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) এমফিল গবেষক কুদরাত-ই-খুদা বাবু ও ফোকলোর বিভাগের পিএইচডি গবেষক আরাফাত কবির সুমু ক্যাম্পাসে এ ধরনের প্রদর্শনী আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24