রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্র শিবিরের এক কর্মীর বাড়ি থেকে পাঠানো টাকা না পাওয়ার ঘটনার জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত দু'ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা।
এ সময় আলোচনার আহ্বান জানাতে গেলে তারা উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামতকে লাঞ্ছিত করে।
তবে ঘটনার সঙ্গে শিবির কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ জুলাই কুড়িগ্রাম থেকে বিআরটিসি বাসের হেলপারের মাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ও শিবির কর্মী এনামুলের বাড়ি থেকে টাকা পাঠায় তার বাবা। সে টাকা না পাওয়ার জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজশাহী বিশ্বাবিদ্যালয় এলাকার বিনোদপুর বাজারের কাছে বিআরটিসি বাস আটক করে হেলপারকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে স্থানীয় বাস কাউন্টার কর্মী ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথাকাটাকাটি হয়।
রাত সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা বাজারে একটি দোকান ভাংচুর করে। স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী এত বাধা দিলে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার বেলা ১১টার মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিবির কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
বাস হেলপার আব্দুল কাইয়ুমকে রাতে আটক করে পুলিশ।
শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোন উদ্যোগ না নেওয়ায় শিবির কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্য সেখানে গেলে বিক্ষোভকারী শিবির কর্মীরা উপাচার্যের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তাকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপাচার্য ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জানান, অবরোধকারীদের মধ্যে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নোমানী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, মাদারবক্স হলের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সভাপতি স্বচ্ছ, ওই হলের শিবির কর্মী এনামুল হককে দেখা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "সংঘর্ষের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত হেলপারসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।"
প্রক্টর অধ্যাপক ড. এনামূল হক সাংবাদিকদের বলেন, "সমস্যা সমাধানে আলোচনা করতে গেলে বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদের উচিত বিষয়টির সুষ্ঠু সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা।"
এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী সাংবাদিকদের বলেন, "ঘটনার সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই। সাধারণ ছাত্ররা সড়ক অবরোধ করেছিল।"
বিশ্ববিদ্যালয় উপাচার্য মামনুনুল কেরামত সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য কথা বলতে গেলে বিক্ষোভকারীরা আলোচনার সুযোগ না দিয়েই আমার সঙ্গে অশোভন আচরণ করেছে। এটা দুঃখজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24