২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আবার বিক্ষোভ

যৌন হয়রানির জন্য অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত এবং নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির জন্য অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত এবং নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পরিবহন এলাকায় জড়ো হয়। পরে সবগুলো মিছিল এক হয়ে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনে যায়। সেখানে ঘণ্টাখানেক অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক এবং প্রক্টর মাফরুহী সাত্তার আন্দোলনরত শিক্ষঅর্থীদের সঙ্গে কথা বলেন এবং 'দ্রুততম সময়ের মধ্যে' দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর পর বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলাভবনের সমাবেশ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম নেতা ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫ আগস্টের মধ্যে দুটি দাবি মেনে নিতে আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি।" তিনি বলেন, "আমরা আজ (মঙ্গলবার) বিক্ষোভ করেছি। পরে নতুন কর্মসূচি দেওয়া হবে।" গত ২৯ জুলাই রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ঘেরাও করে। ঘেরাওয়ের মুখে ওই দিন রাতভর প্রশাসন ভবনে আটকা পড়েন সিন্ডিকেট সদস্যরা। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা গত ৪ মে থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। একই সঙ্গে তারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশ, মৌন র‌্যালি মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করে আসছে। ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। উপাচার্যের নেতৃত্বে গঠিত শেষ কমিটির তদন্ত কাজ অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/এসকে/১৩৫৪ ঘ.