জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে প্রশাসনের অনুসন্ধানে। টাকা নিয়েও গাড়ি মেরামত না করা, একই গাড়ির একই মেরামত কাজের জন্য একাধিকবার টাকা নেওয়া, যন্ত্রপাতি কেনার টাকা নিয়ে তা না কেনার মতো অনিয়মের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা লোপাট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় সিন্ডিকেট বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার।
২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাসের যন্ত্রপাতি কেনার পর একই যন্ত্রপাতি কিনতে অর্থ বরাদ্দ অনুমোদনের জন্য উপ-উপাচার্যের কাছে নথি পাঠানো হয়। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সন্দেহ হলে অনুসন্ধান চালানো হয়। এতেই ব্যাপক অনিয়মের চিত্র বেরিয়ে আসে।
অধ্যাপক ইউসুফ হায়দার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই অনুসন্ধান চালানো হয়। এতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে।"
পরিবহন বিভাগের অনিয়ম নিয়ে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার ও কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ গত ১০ জুলাই বৈঠক করেন।
এরপর ১৩ জুলাই আরেকটি বৈঠকে অসঙ্গতি উল্লেখ করে প্রকৃত ঘটনা তদন্তে তথ্যানুসন্ধান কমিটি গঠন, ক্রয় কমিটি পুনর্গঠন এবং পরিবহন প্রশাসনে একজন উপদেষ্টা নিয়োগসহ বেশ কয়েকটি সুপারিশ তৈরি করা হয়।
এ সুপারিশমালার অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে রয়েছে।
অনুসন্ধানে ধরা পড়ে, ২০০৭ সালের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ০২-০২৪১ নম্বর মাইক্রোবাসের যন্ত্রপাতি কেনা ও মেরামতের জন্য ৭০ হাজার টাকা ব্যয় অনুমোদনের জন্য উপ-উপাচার্যের কাছে পাঠানো হয়। তিনি লগবই চাইলে পরিবহন ব্যবস্থাপক আজিজুল হক ফাইলটি ফেরত নিয়ে নথি গায়েব করে দেন। পরে নতুন একটি নথিতে অর্থ অনুমোদনের জন্য আবার তা উপ-উপাচার্যের কাছে দেওয়া হয়। তখন লগবইতে দেখা যায়, ওই একই গাড়ির জন্য সে বছরই ৪৬ হাজার ২২০ টাকার একই যন্ত্রাংশ কেনা হয়।
নিয়ম অনুযায়ী, পরিবহনে কেনাকাটায় ৫০ হাজার টাকা পর্যন্ত কোষাধ্যক্ষ অনুমোদন দিতে পারেন, উপ-উপাচার্য পারেন ৭০ হাজার টাকা পর্যন্ত অনুমোদন করতে। অর্থের পরিমাণ এর বেশি হলে উপাচার্যের অনুমোদন লাগে। এছাড়া ৫ হাজার টাকার কম ব্যয়ের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থাপকই অনুমোদন দিতে পারেন।
অনুসন্ধানে আরও ধরা পড়ে, মালামাল চাহিদামত সরবরাহ করা হলেও একটি নির্দিষ্ট গাড়ি চলাচলের উপযোগী করা হয়নি, নতুন মালামাল কেনার কথা থাকলেও তা করা হয়নি। এছাড়া গাড়ি মেরামতের জন্য দেড় লাখ টাকার মালামাল কেনার কথা থাকলেও মাত্র ৩০ হাজার টাকার মালামাল কেনা হয়। পুরনো গাড়ির যন্ত্রাংশ দিয়ে গাড়ি মেরামত করা হয়েছে, জাপানি মালামাল কেনার কথা বলে চীনা যন্ত্রপাতি কেনা হয়েছে। এছাড়া মালপত্র কিনলেও তা লগবইতে তোলা হয়নি।
০৮-০০১৬ নম্বরের বাসের জন্য ২০০৬ সালের ৬ আগস্ট এক লাখ ১৬ হাজার ৭২০ টাকার যন্ত্রাংশ কেনা হলেও গাড়িটি এখনও চলাচলের উপযোগী করে তোলা হয়নি। ০৮-০০১৪ নম্বর বাসের জন্য ২০০৭ সালের ২৮ অক্টোবর ২৪ হাজার ৯২০ টাকার যন্ত্রপাতি কেনার জন্য কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদের অনুমোদন নেওয়া হয়। এরপর আবার একই গাড়ির জন্য ২০০৮ সালের ২ জুলাই পরিবহন ব্যবস্থাপক আজিজুল হক প্রায় সাড়ে ৪ হাজার টাকার যন্ত্রাংশ কেনার অনুমোদন দেন। ১৭৯৩ নম্বর মাইক্রোবাস এবং ৬০২৭ নম্বর বাসের জন্য নতুন যন্ত্রপাতি কেনা এবং লাগানোর কথা থাকলেও তা করা হয়নি। ৬১৬৯ নম্বর বাসের মেরামতের জন্য এক লাখ ৪৫ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়। কিন্তু কোন মালামাল কেনা হয়নি। ৪১৬৯ নম্বর বাসের জন্য একাধিকবার যন্ত্রপাতি কেনা হলেও তা লগবইতে তোলা হয়নি। বিভিন্ন গাড়ির জন্য ২০০৫ সালের ২০ অক্টোবর এক লাখ ৪৮ হাজার টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন হলেও এখনো তা কেনা হয়নি।
সব মিলিয়ে মোট পাঁচ লাখ ৫৩ হাজার ৯৯০ টাকার অনিয়ম ধরা পড়ে অনুসন্ধানে।
পরিবহন দপ্তরের এসব অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে সিনিয়র পরিবহন ব্যবস্থাপক মো. আজিজুল হক কেনাকাটা কিংবা মেরামতে কোনও অনিয়মের কথা অস্বীকার করেন। তবে নথি গায়েবের একটি ঘটনার কথা স্বীকার করেন তিনি।
আজিজুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিভাগে নথি গায়েবের একটি ঘটনা ঘটেছিলো। তবে, কেনাকাটা কিংবা মেরামতে কোনও অনিয়ম হয়নি।"
এ বিষয়ে তিনি আর কোনও কথা বলতে রাজি হননি।
কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সব অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বর্তমানে ১৫টি বাস রয়েছে। এর মধ্যে ১১টি সচল এবং বাকি চারটির মেরামত চলছে। পরিবহনে সংকট মেটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিআরটিসি থেকে বাস ভাড়া করে কাজ চালাচ্ছে। এতে প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা ব্যয় হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/এসকে/১৮৫৫ঘ.
bdnews24