২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"দিনমজুরের এক তৃতীয়াংশ বেতন দিলে শিক্ষাদান কীভাবে হবে?"

সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। একইসঙ্গে প্রাথমিক স্তরে একমুখী শিক্ষাপদ্ধতি প্রবর্তনের তাগিদ দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। একইসঙ্গে প্রাথমিক স্তরে একমুখী শিক্ষাপদ্ধতি প্রবর্তনের তাগিদ দিলেন তিনি। বৃহস্পতিবার কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় সরকারের প্রতি এ তাগিদ দেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বারাকাত। এসময় তিনি কমিউনিটি শিক্ষকদের বেতন বাড়ানোরও আহ্বান জানান। আবুল বারাকাত বলেন, "প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে মেধাবীদের আকৃষ্ট করতে না পারলে মানবিক বিকাশ হবে না। কারণ মানুষের মূল ভিত্তিই শুরু হয় প্রাথমিক শিক্ষা দিয়ে।" বর্তমানে দেশে প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা, স্যাটেলাইট বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলসহ ১১ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। 'বাংলাদেশের প্রাথমিক শিক্ষা, শিক্ষকদের বেতন বৈষম্য, প্রসঙ্গ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়' শীর্ষক আলোচনায় আবুল বারাকাত প্রাথমিক পর্যায়ে মেধাবী শিক্ষকদের আকৃষ্ট করতে বেতন-ভাতা বাড়ানোর আহ্বান জানান। কমিউনিটি শিক্ষকদের বেতনকাঠামো নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, "একজন দিনমজুরের বেতনের এক তৃতীয়াংশ টাকা শিক্ষকদের দিলে শিক্ষাদান কীভাবে হবে?" অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল মানবিক দৃষ্টিতে হলেও কমিউনিটি শিক্ষকদের বেতন বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। সমিতির সভাপতি মো. হাবিবুল আহসান বাবলু লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে সারাদেশে তিন হাজার ৭৭৮টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন নয় হাজার ৮১৯ জন শিক্ষক। তারা মাসে সম্মানী ভাতা পান মাত্র ১২০০ টাকা। এ হিসেবে একজন শিক্ষকের দৈনিক আয় মাত্র ৪০টাকা। এর সঙ্গে সরকার ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ ভাতা যোগ হলে মোট আয় দাঁড়াবে ৪৮ টাকায়। জাতীয় স্কেলে বেতনের সরকারি পুরো অংশ প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়ে কমিউনিটি প্রাথমিক সমিতির নেতা বলেন, অন্যথায় আগস্ট থেকে ক্লাস বর্জনের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এসকে/১৭১২ঘ.