ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিস্টার ফি কমানোর দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে একদল শিক্ষার্থী উপাচার্য কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে।
আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার ফি ৬৭০০ টাকা থেকে কমিয়ে ৩৪৪৫ টাকা করার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে জগন্নথ বিশ্ববিদ্যালয়েও সেমিস্টার ফি নির্ধারণ করতে হবে।
ফি কমানোর দাবিতে বুধবার থেকে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আকস্মিকভাবে সেমিস্টার ফি এক হাজার টাকারও বেশি বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগে সেমিস্টার ফি ছিল ৫৭০০ টাকা। কিন্তু মঙ্গলবার সকালে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা পরীক্ষার টাকা জমা দেওয়ার সময় কোষাধ্যক্ষ স্বাক্ষরিত নেটিশের মাধ্যমে জানতে পারে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। এর পরপরই বিক্ষোভ শুরু করে তারা। অন্য সেমিস্টারের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেয়।
সকাল ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থীর মিছিল কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে উপাচার্য কার্যালয় ঘেরাও করে। তবে উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান ক্যাম্পাসে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে প্রক্টর অধ্যাপক কাজী আসাদ পরিস্থিতি শান্ত করতে এলে শিক্ষার্থীরা তাকে গালাগাল করে। একদল শিক্ষার্থী এ সময় উপাচার্য কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র মিঠু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে অনেক কম টাকা নেওয়া হলেও এখনে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ সেমিস্টার ফি নেওয়ার দাবিতেই আমরা আন্দোলন করছি।"
আন্দোলন চলার একপর্যায়ে বেলা ৩টার দিকে কোষাধ্যক্ষ ড. আবু হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। সভা শেষে কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের জানান, সেমিস্টার ফি ৬৭০০ টাকা থেকে কমিয়ে ৩৪৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
কোষাধ্যক্ষ ড. আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের দাবির মুখে সেশন ফি কমানো হয়েছে। এর চেয়ে কমানো আর সম্ভব নয়। কারণ সরকার বলেছে, অভ্যন্তরীণ আয় থেকে বিশ্ববিদ্যালয়ের খরচ মেটাতে হবে।"
২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হয়। ওই সময় থেকে প্রতি শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন নেওয়া হচ্ছিল প্রায় ১৫ হাজার টাকা। এর মধ্যে ৫৭০০ টাকা ছিল সেমিস্টার ফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১২৫ ঘ.
bdnews24