২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা থাকা প্রয়োজন: হাসান আজিজুল হক

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

রাজশাহী বিম্ববিদ্যালয়, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করতে এসেও অনেক সময় ছাত্রীরা যৌন নিপীড়নের হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাই সব বিশ্ববিদ্যালয়েই যৌন নিপীড়ন নীতিমালা থাকা প্রয়োজন।" শনিবার বিকেলে জাতীয় মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা আয়োজিত 'বাংলাদেশের নারী আন্দোলন: প্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতি' শীর্ষক আলোচনা সভায় হাসান আজিজুল হক এ কথা বলেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সুষ্ঠু নীতিমালা করলে কিছু 'বিবেকবান' মানুষকে শাস্তি দেওয়া যাবে।" বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সভানেত্রী অধ্যাপক শাহানারা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা মাহবুবা কানিজ কেয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, মোশারফ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪০ ঘ.