ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এর প্রতিনিধি সম্মেলনে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকারদের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্র ইউনিয়ন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার ওই সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় এক মুক্তিযোদ্ধাকে টেনে-হিঁচড়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন আয়োজকরা। একজন তাকে লাথিও মারেন।
জামায়াতে ইসলামীর উদ্যোগেই 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' গঠিত হয়েছে বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে।
শুক্রবারের ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শনিবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে মিছিল করে। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে কুশপুত্তলিকা পোড়ানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, "১৯৭১ সালের রাজাকাররাই এখন ভোল পাল্টে মুক্তিযোদ্ধা সম্মেলন করছে। জেলা পর্যায় থেকে আসা মুক্তিযোদ্ধাদের সেখানে চরম অপমান করা হয়েছে। এটা আমাদের মুক্তিযুদ্ধকেই অপমান করার শামিল।"
অবিলম্বে তথাকথিত 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' এর কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/২০৫৫ ঘ.
bdnews24