ঢাকা, জুলাই, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ফল বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মো. তৌহিদুল ইসলামসহ ১২ জনের দায়ের করা তিনটি পৃথক রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষে রায় দেওয়া হল।
রায়ে ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করা হয়।
রিটকারীপক্ষের একজন কৌঁসুলী ব্যারিস্টার মোস্তাক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে কি না রিটকারীদের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাইকোর্ট রায়ে বলেছে, সরকারি কর্ম কমিশনের বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। তাই ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলকে আইন দিয়ে রক্ষা করা যাবে না।
রায়ে আদালত আরও বলে, যেখানে ভাল ও খারাপের মধ্যে পার্থক্য নিরূপণ করা সম্ভব নয় সেখানে ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ করার কোন কারণ নেই।
গত বছরের ১২ জুন ২৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করা হয়।
এর বৈধতা নিয়ে দায়ের করা তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২২ জুলাই ফল বাতিলের এই সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারের কাছে ব্যাখ্যা চায় আদালত।
আদালত তখন আদেশে বলেছিল, ২৭ তম বিসিএস এর নতুন মৌখিক পরীক্ষা নিতে পারবে সরকারি কর্ম কমিশন। তবে ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না।
এরপর ২৭ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার পরীক্ষার্থী আবার নতুন করে মৌখিক পরীক্ষা দেয়। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি পিএসসি।
হাইকোর্ট বৃহস্পতিবারের রায়ে নতুন মৌখিক পরীক্ষার ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞার ইতোপূর্বের আদেশ বাতিল করে দেন।
রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. এম জহির, ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট আহসানুল করিম এবং সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৫৩১ ঘ.
bdnews24