চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানা এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজনৈতিক কারণে সংঘর্ষ হতে পারে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পলিটেকনিক শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে একটি দোকানে বসে তৃতীয় বর্ষের ছাত্ররা আড্ডা দেওয়ার সময় ওই দোকানদারকে মারধর করে। এ সময় দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র দোকানদারকে বাঁচানোর চেষ্টা করলে সংঘর্ষের শুরু হয়। বিকেলে দ্বিতীয় বর্ষের ছাত্ররা সংগঠিত হয়ে তৃতীয় বর্ষের ছাত্রদের ওপর আবার চড়াও হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান তিনি।
ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাসেল মাহমুদ জানান, সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে আট থেকে দশজন শিক্ষার্থী কমবেশি আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২৩১৫ ঘ.
bdnews24