২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ আগস্ট নির্যাতন প্রতিবাদ দিবস ঘোষণা করেছে ঢাবি

২০০৭ সালের ২৩ আগস্টকে 'ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্যাতন প্রতিবাদ দিবস' হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিনেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর দিবসটি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০০৭ সালের ২৩ আগস্টকে 'ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্যাতন প্রতিবাদ দিবস' হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিনেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর দিবসটি পালন করা হবে। সিনেট সদস্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে সিনেটের সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এ সভা চলে। সিনেট সদস্য অধ্যাপক ড. হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদস্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে ২৩ আগস্টকে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় সেনা সদস্য ও এক ছাত্রের মধ্যে বিবাদের জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। ২০ ও ২১ আগস্ট সংঘর্ষ চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২৩ আগস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন থেকে দু' শিক্ষককে আটক করে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী। এ ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দু'শিক্ষক গ্রেপ্তার হন। গ্রেপ্তার হন কয়েকজন ছাত্রও। গেপ্তারকৃত চার শিক্ষক ও ছাত্রদের মুক্তি দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়। সিনেট সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৩ আগস্ট শিক্ষকদের গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের ওপর যে নির্যাতন হয়েছে সেই কারণে দিনটিকে নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এমএইচবি/২৩১৪ ঘ.