২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আন্দোলনের মুখে জিপি-টিএসসি চুক্তি বাতিলের সিদ্ধান্ত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঙ্গে গ্রামীণফোনের (জিপি) ৩০ বছর মেয়াদী চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঙ্গে গ্রামীণফোনের (জিপি) ৩০ বছর মেয়াদী চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "শিক্ষার্থীদের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।" অধ্যাপক আজাদ জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৬ জুন দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সঙ্গে ৩০ বছর মেয়াদী এ চুক্তি করে। এর আওতায় এককালীন ৭০ লাখ ও বার্ষিক ১০ লাখ টাকার বিনিময়ে গ্রামীণ ফোনকে টিএসসিতে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সব সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্র্যান্ডিংয়ের সুযোগ দেয়া হয়। টিএসসিতে প্রতিষ্ঠানটির একটি বেজ স্টেশন ও টাচ পয়েন্ট স্থাপনেরও অনুমতি দেয়া হয়। চুক্তিতে আরো বলা হয়, টিএসসি'র ক্যাফেটেরিয়া শীতাতপ নিয়ন্ত্রিত করে দেয়ার বিনিময়ে ক্যাফেটেরিয়ার ভিতর ও টিএসসি চত্বরে গ্রামীণ ফোন আজীবন ব্র্যান্ডিংয়ের সুবিধা পাবে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন চুক্তিটি বাতিলের দাবি জানিয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জেকে/এমএ/১৮৪৫ ঘ.