২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ৫ সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' করার সুপারিশ

পাণ্ডিত্য ও গবেষণায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' পদবি দেয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাণ্ডিত্য ও গবেষণায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সাবেক শিক্ষককে 'প্রফেসর এমিরিটাস' পদবি দেয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই পাঁচ শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ টি এম আনিসুজ্জামান, চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কিবরিয়া, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ জহির হায়দার ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী জাকের হোসেন। উপাচার্য, সংশ্লিষ্ট অনুষদের ডিন বা ইনস্টিটিউটের পরিচালক ও দু'জন বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি কমিটি একাডেমিক পরিষদের এ সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর কমিটির মতামতের ভিত্তিতে একাডেমিক পরিষদ সিন্ডিকেটে সুপারিশ করবে। এমিরিটাস উপাধিপ্রাপ্ত অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী গবেষণা চালাতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দেয়া সব ধরনের সুযোগ সুবিধা তারা আজীবন পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষকতা ও গবেষণার ক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অবসরপ্রাপ্ত অধ্যাপকদের 'প্রফেসর এমিরিটাস' পদবিতে ভূষিত করা হয়। এর আগে সর্বশেষ ১৯৮৪ সালে রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজউদ্দীন আহমদ ও ফার্মেসি বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল জব্বারকে এ উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১০২ ঘ.