ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ উপায়ে ছাত্র ভর্তি করার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে 'ভুয়া ভর্তি তথ্যানুসন্ধান কমিটি'। ওই কর্মকর্তারা রোববার তথ্যানুসন্ধান কমিটির সভায় দেওয়া সাক্ষ্যে অর্থের বিনিময়ে ভুয়া ভর্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।
কমিটি এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে অবৈধভাবে ভর্তি হওয়ার প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে।
জড়িত কর্মকর্তারা হলেন, হিসাব শাখার প্রধান সহকারী কাজী জহিরুল ইসলাম ও আমিনুল ইসলাম চৌধুরী, ভর্তি শাখার প্রধান সহকারী মো. শহীদুল্লাহ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান সহকারী আনোয়ারুল্লাহ।
রোববার দুপুরে তথ্যানুসন্ধান কমিটির সভা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার বলেন, "প্রশাসনিক শাখা, ভর্তি শাখা ও সংশ্লিষ্ট বিভাগের এ চার কর্মকর্তা টাকা লেনদেনের মাধ্যমে ভুয়া ভর্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।"
ইউসুফ হায়দার জানান, এদের ভুয়া ভর্তির সাথে জড়িত থাকার বিষয়টি সিন্ডিকেটে অবহিত করা হবে। এরপর সিন্ডিকেট শাস্তির ব্যবস্থা করবে।
তিনি বলেন, "সংশ্লিষ্ট বিভাগ, ভর্তি শাখা এবং হিসাব শাখার কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব অবৈধ ভর্তি করিয়ে থাকে।"
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে অবৈধ উপায়ে ভর্তি হওয়া আব্দুল আলীমের অভিযোগের তদন্ত করতে গিয়ে প্রশাসনিক ভবনের হিসাব শাখা, ভর্তি শাখা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পায় কর্তৃপক্ষ।
রোববারের সভায় তথ্যানুসন্ধান কমিটির দশম প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এতে আরও ১০ শিক্ষার্থীর ব্যাপারে অবৈধভাবে ভর্তির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।
এদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে রয়েছে দু'জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনজন, লোক প্রশাসন বিভাগে তিনজন, অর্থনীতি বিভাগে একজন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একজন। এদের বেশিরভাগই মুক্তিযোদ্ধা ও খেলোয়াড় কোটার মাধ্যমে ভর্তি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এই ১০ জনের ব্যাপারে জানান, এদের উপযুক্ত তথ্য প্রমাণসহ ভর্তির সত্যতা যাচাইয়ের জন্য ১৫ দিন সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা নিজেদের ভর্তির সত্যতা প্রমাণ করতে না পারলে ভর্তি বাতিলের সুপারিশ করা হবে সিন্ডিকেটে।
ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের হাইকোর্টে আবেদন করে এখনও শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, "রিটকারির সংখ্যা বেড়ে যাওয়ায় আরও আইনজীবী নিয়োগ করে মামলাগুলো গতিশীল করতে সিন্ডিকেটে সুপারিশ করা হবে।"
২০০৬ সালের সেক্টেম্বর থেকে ভুয়া ভর্তি তথ্যানুসন্ধান কমিটির কাজ শুরু হওয়ার পর এ পর্যন্ত ২০১ জনের ভর্তি বাতিল করা হয়েছে। এছাড়া ভুয়া ভর্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২১৩৮ ঘ.
bdnews24