২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে টেকনিক্যাল স্কুলের উদ্বোধন করেছেন ডিউক অব গ্লস্টার

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডিউক অব গ্লস্টার প্রিন্স রিচার্ড বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কাশীপুরে ইউসেফ বরিশাল টেকনিক্যাল স্কুলের উদ্বোধন করেছেন। ব্রিটেনের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডিএফআইডি'র অর্থায়নে ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮৮ শতাংশ জমিতে এই টেকনিক্যাল স্কুলটি স্থাপিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বরিশাল, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডিউক অব গ্লস্টার প্রিন্স রিচার্ড বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর কাশীপুরে ইউসেফ বরিশাল টেকনিক্যাল স্কুলের উদ্বোধন করেছেন। ব্রিটেনের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডিএফআইডি'র অর্থায়নে ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮৮ শতাংশ জমিতে এই টেকনিক্যাল স্কুলটি স্থাপিত হয়। উদ্বোধনের সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং ডিএফআইডি'র বাংলাদেশ প্রধান ক্রিস অস্টিন উপস্থিত ছিলেন। টেকনিক্যাল স্কুলটিতে প্রতি বছর ৪টি ট্রেডে ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশু কিশোর প্রশিক্ষণ নিতে পারবে। দুপুর ২টায় বিমানযোগে বরিশাল পৌঁছান রানী দ্বিতীয় এলিজাবেথের চাচাতো ভাই প্রিন্স রিচার্ড। স্থানীয় কর্মকর্তারা তাকে ইউসেফ বরিশাল সম্পর্কে ধারনা দেন। প্রিন্স রিচার্ড স্থানীয় সুধী এবং সাংবাদিকদের উদ্দেশে বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য কিছু করতে পেরে তিনি আনন্দিত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউসেপ এর ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) হিসাম উদ্দিন। এর আগে তারা সিডর ক্ষতিগ্রস্ত বরগুনার মাঝের চর এবং পটুয়াখালীর বেসরকারী সংস্থা হেবিট্যাটের কার্যক্রম পরিদর্শন করেন। এই দু'টি এলাকায় ডিএফআইডি'র আর্থিক সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেলা ৩টায় বিমানে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন প্রিন্স রিচার্ড তার সফর সঙ্গীরা। এর আগে ১৯৮৭ সালে প্রিন্স রিচার্ড প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯১৭ঘ.