চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আলম চৌধুরীকে লাঞ্চিত করেছে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মী। শনিবার দুপুরে প্রক্টর কার্যালয়ের সামনে তার ওপর হামলা চালায় শিবির কর্মী মাকসুদুর রহমান।
ঘটনার পর প্রক্টরিয়াল বডি জরুরি সভা করেছে। এছাড়া বিষয়টি আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী প্রক্টর ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলম চৌধুরীর ওপর ছাত্রশিবিরের কর্মী ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান অতর্কিতে হামলা চালায়। সহকারী প্রক্টরের শার্টের কলার ধরে কিল ঘুষি মেরে মেঝেতে ফেলে দেয় ওই শিবির কর্মী। এতে তিনি মাথায় এবং পিঠে আঘাত পান।
কয়েকজন শিক্ষক এসে সহকারী প্রক্টরকে উদ্ধার করেন এবং হামলাকারী মাকসুদকে প্রক্টর কার্যালয়ে আটকে রাখেন। পরে শিবির কর্মী ও বাংলা বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান এবং সোহরাওয়ার্দী হলের সাবেক সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূরুদ্দীন জোর করে মাকসুদকে নিয়ে যায়।
সহকারী প্রক্টর মোহাম্মদ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি ছেলে প্রক্টর কার্যালয়ের সামনে উকিঝুঁকি মারছিল এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় তাকে প্রক্টর কার্যালয়ে কোনো কাজ আছে কিনা জানতে চাইলে সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলে জানায়। কথাবার্তার এক পর্যায়ে ছেলেটি তেড়ে এসে আমার শার্টের কলার ধরে কিলঘুষি মারতে থাকে।"
তিনি জানান, মাকসুদ শিবিরের কর্মী এবং সে সোহরাওয়ার্দী হলে থাকে। পরবর্তীতে শিবিরের অন্য নেতারা এসে তাকে প্রক্টর কার্যালয় থেকে জোর করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আহমেদ শিহাব উল্ল্যাহ পরে হামলাকারী মাকসুদকে নিয়ে এসে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
এ বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন।
এ ব্যাপারে চবি উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রক্টরের ওপর হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছ্ড়া দেওয়া হবে না। হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের ঘটনায় শিক্ষকরা নিরাপত্তা নিয়ে শংকিত। আগের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হামলাকারীরা বারবার এ ধরনের ঘটনার ঘটাতে পারছে।
ঘটনার প্রতিক্রিয়ায় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একের পর এক শিবির কর্মীরা এ ধরনের ঘটনার জন্ম দিলেও তাদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে করে অন্য শিক্ষকরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আতংকিত বোধ করছেন।"
তিনি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আহমেদ শিহাবউল্ল্যাহ বলেন, "মাকসুদ শিবিরের কর্মী নয়। প্রক্টর আমাদের ফোন করার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সে ছাত্রকে ক্ষমা চাইতে বলি।"
এ নিয়ে চারদিনের ব্যবধানে পৃথক ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নেতা কর্মীদের হাতে প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর লাঞ্ছিত হলেন। গত বুধবার ৩০ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্ত্বরে চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর মুহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করেছিল শিবির কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24