ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের মাসিক টিউশন ফি বাড়ানোর কারণ ব্যাখ্যায় কর্তৃপক্ষ বলেছে, ঢাকায় তাদের মানের অন্যান্য স্কুলের সঙ্গে তুলনা করে ফি বাড়ানো হয়েছে।
এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ বলেছে, "এটা সত্য যে মূল ক্যাম্পাসের ফি কাঠামো পরিবর্তন করা হয়েছে। এটা ঢাকার একই মানের অন্যান্য স্কুলের সঙ্গে তুলনা করে করা হয়েছে। ঢাকার ইংরেজি মাধ্যমের যেসব স্কুল টার্কিশ স্কুলের মতো সুবিধা প্রদান করে তারা প্রতি বছর ১০ হাজার থেকে ১৫ হাজার ইউএস ডলার নিচ্ছে। এসব স্কুলের সঙ্গে তুলনা করলে আমাদেরটা খুবই কম।"
গত ২৪ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে স্কুলটির টিউশন ফি বাড়ানো নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। যাতে বলা ইংরেজি মাধ্যমের এই শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক টিউশন ফি এক দফায় পাঁচ গুণ বাড়ানো হয়েছে। প্লে গ্র"পের একজন শিক্ষার্থীর টিউশন ফি ছিল তিন হাজার টাকা। এখন তা ১৫ হাজার টাকা করা হয়েছে।
বিবৃতিতে গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থাসহ স্কুলটির বিভিন্ন সেবাধর্মী ও দাতব্য কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, বর্তমানে ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে স্কুলের হোস্টেলেই রাখা হয়েছে। এদের টিউশন ফি, খাদ্য, পোশাকসহ অন্যান্য খরচ টার্কিশ স্কুলই বহন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24