২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাবর্তনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে চায় না ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অংশগ্রহণের বিরোধিতা করেছে ছাত্রলীগ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কালো পতাকা উত্তোলন ও অপরাজেয় বাংলা ভাস্কর্যের মুখে কালো পতাকা বেঁধে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অংশগ্রহণের বিরোধিতা করেছে ছাত্রলীগ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কালো পতাকা উত্তোলন ও অপরাজেয় বাংলা ভাস্কর্যের মুখে কালো পতাকা বেঁধে দেয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনার পর গ্রেপ্তার হওয়া ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে রাষ্ট্রপতির ভূমিকা ছিল ন্যক্কারজনক। বাংলাদেশের রাজনীতির চরম ক্রান্তিকালেও তিনি কোনো ভূমিকা রাখতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবেও তিনি ব্যর্থ। কারণ এখনো শিক্ষার্থীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা চলছে। তার এসব ভূমিকার প্রতিবাদ জানাতে আমরা কালো পতাকা উত্তোলন ও ভাস্কর্যে কালো কাপড় বেঁধে দিয়েছি।" রাষ্ট্রপতির উপস্থিত থাকার বিষয়ে শুক্রবার আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরাও ক্ষোভ জানান। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে দিয়ে সিনেট ভবন উদ্বোধনের সিদ্ধান্তকে অর্থের 'অপচয়' অভিহিত করে বিষয়টি পুনর্বিবেচনারও আহ্বান জানান তারা। আগামী ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৪৪তম সমাবর্তন হওয়ার কথা। ১০ এপ্রিল প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সিনেট ভবন উদ্বোধন করবেন। এবারের সমাবর্তনে ৩৮৮৫ শিক্ষার্থী সনদ পাবে। এরমধ্যে ছাত্র ১৮৪৩ জন ও ছাত্রী ২০৪২ জন। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৫২ জনকে স্বর্ণপদক দেওয়া হবে। ২৯ জনকে দেওয়া হবে পিএইচডি ডিগ্রি। এমফিল ডিগ্রি পাবে ২৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসএনডি/এমএইচবি/২১০১ ঘ.