ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি স্বীকৃতির পরও এমপিওভুক্ত না হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে 'নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারি ঐক্যপরিষদ'।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আগামী ২০ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে ক্লাশ বর্জনসহ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি এশারদ আলী বলেন, দাবি পূরণ না হলে ২৩ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে ইমেইলে স্মারকলিপি পাঠানো হবে। এছাড়া, ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত গণ স্বাক্ষর কর্মসূচি ও কালোব্যাজ পড়ে ক্লাশ নেওয়া, ২৮ এপ্রিল জেলায় জেলায় মানববন্ধন ও ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ক্লাশ বর্জন কর্মসূচি পালান করা হবে।
দাবি পূরণের আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
এশারদ আলী বলেন, এর পরও দাবি মানা না হলে ১০ মে থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, দেশে আট হাজার শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতপ্রাপ্ত হয়েও এমপিওভুক্ত নয়। এসব প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক ও কর্মচারি রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট মোস্তফা আহমেদ, অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/এসএনডি/১৬৪১ ঘ.
bdnews24