২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের সংগঠন জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্ট। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, "বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্যের কারণে কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। এ অবস্থায় রেশনিং ব্যবস্থা চালু করলে শিক্ষকরা উপকৃত হবে।" সংবাদ সম্মেলনে অবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের মূল বেতনের ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান, একশ টাকা বাড়ি ভাড়ার পরিবর্তে বসবাস উপযোগী আবাসন সুবিধা এবং বিগত সরকারের আমলে বন্ধ থাকা পদোন্নতি পুনরায় চালু করারও দাবি জানানো হয়। এ ছাড়া কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতিতে ২০১০ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠান না করার পক্ষেও অভিমত দেন শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মদ আজিজুল ইসলাম, অধ্যাপক আসাদুল হক অধ্যক্ষ মোহাম্মদ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/১৬২০ঘ.