২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি স্কুলে সভাপতি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম হচ্ছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করছে সরকার। এই নিয়ম অনুযায়ী, স্থানীয় প্রশাসনের কোনো কর্মকতা পাঁচটির বেশি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। সরকার শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করছে সরকার। এই নিয়ম অনুযায়ী, স্থানীয় প্রশাসনের কোনো কর্মকতা পাঁচটির বেশি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। সরকার শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম। সচিব শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিপত্র জারি করে শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।" দেশে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ হাজার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ অর্ধশতাধিক পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ২০০৬ সালের ১২ নভেম্বর রাজনৈতিক ব্যক্তিদের এসব পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় একটি পরিপত্র জারি করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কিংবা অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা তাদের মনোনীত নিরপেক্ষ ও নিদর্লীয় ব্যক্তিদের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি করতে বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের ওই সিদ্ধান্তের পর থেকে স্থানীয় শীর্ষ কর্মকর্তারাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রত্যেক কর্মকতা অনেক বেশি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ায় দুই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় প্রশাসনের শীর্ষ ব্যক্তি হওয়ায় একদিকে তাদের নিজেদের কাজে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজও তারা ঠিকমতো করতে পারছেন না। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব কারণে সরকার স্থানীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের ওপর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাড়তি দায়িত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, নতুন নিয়মে কোন কর্মকর্তা পাঁচটির বেশি পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকতে পারবেন না। আর বাকি পদগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে 'বিদ্যোৎসাহী' হিসেবে দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে পূরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএ/১৯১১ঘ.