জবি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী, সাধারণ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে মঙ্গলবার অচল হয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সেখানে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
এদিকে, ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি পাঁচ দফা কর্মসূচি দিয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে। সকাল ১১টার শিক্ষক সমিতির ব্যানারে প্রায় ৩০০ শিক্ষক কলা ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশ করে।
সমাবেশে ড. নরুল আলম বলেন, "ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।"
পরে বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক ফোরামের আহবায়ক ড. আবু ইউসুফ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, দোষী ছাত্রদের ছাত্রত্ব বাতিল, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত লাগাতার ক্লাস বর্জন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিকে স্মারক লিপি প্রদান এবং কালো ব্যাচ ধারণ করে প্রতিদিন ১১ টা থেকে শহীদ মিনারের সামনে সমাবেশ।
ঘটনার প্রতিবাদে ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নও পৃথকভাবে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে।
এদিকে, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমেনা খাতুন ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইমরান হোসেন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ইউনুসের নামে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপচার্য ড. এসআই খান বলেন তদন্ত কমিটির রিপোর্টের পর দোষীদের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
গত রোববার দুপুরে বাংলা বিভাগের ক্লাস চলাকালে মোহাম্মদ ইমরান হোসেন ও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ছাত্র ওই ক্লাস থেকে শাহীনুর রহমান অভি নামের এক ছাত্রকে বের করে নিয়ে যেতে চায়। ক্লাস চলাকালে শিক্ষার্থীর বাইরে যাওয়ার ব্যাপারে বাধা দেন ওই ক্লাসের শিক্ষিকা। এতে তারা ওই শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করে। পরবর্তীতে দুপুরে ওই শিক্ষিকাকে অনুসরণ করে বাসের ভিতর তাকে তারা লাঞ্ছিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/এমএ/১৭৪৬ঘ.
bdnews24