চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের দাবিতে শনিবার বিভাগে তালা লাগিয়ে দিয়েছে। লাগাতার ক্লাশ বর্জন এবং ১৫ মার্চের মধ্যে সমস্যার সমাধান করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
প্রাচ্যভাষা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৭টি ব্যাচের জন্য আছে মাত্র একটি শ্রেণীকক্ষ। শনিবার সকালে কলা অনুষদ ভবনের মূল দুটি গেট খোলার পরপরই শিক্ষার্থীরা প্রাচ্যভাষা বিভাগের সভাপতি, শিক্ষক ও সেমিনার কক্ষসহ ১৩টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা চলে যায়। কিন্তু ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত রাখে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলা অনুষদ থেকে ভূগোল বিভাগ বিজ্ঞান অনুষদে স্থানান্তরিত হলেই প্রাচ্যভাষা বিভাগের এই কক্ষ সংকটের সমাধান হবে। ইতোমধ্যে আমরা আলোচনার মাধ্যমে বিকল্প পথ খুঁজছি।"
প্রাচ্যভাষা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মন্টি বৈষ্ণব বলেন, "শ্রেণীকক্ষ সংকটের কারণে বিভিন্ন ব্যাচের শিক্ষাবর্ষ শেষ হতে দীর্ঘ সময় লাগছে।"
তিনি আরও বলেন, "আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। আগামী শনিবারের মধ্যে প্রয়োজনীয় কক্ষের ব্যবস্থা করা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"
মন্টি বৈষ্ণব জানান, প্রাচ্যভাষা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৭টি ব্যাচের বিপরীতে আছে মাত্র একটি শ্রেণীকক্ষ। প্রয়োজনীয় কক্ষের অভাবে শিক্ষার্থীরা বিভাগটিতে এসে বেশিরভাগ সময়ই ক্লাশ না করে ফিরে যান। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েও এই সমস্যার সমাধান না হওয়ায় সকালে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.
bdnews24