ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার বিভাগের নিজস্ব চিঠির বাক্স থেকে তিনি চিঠিটি পান।
চিঠিতে লেখা হয়েছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য এবং নিষ্পাপ সাধারণ ছাত্র-ছাত্রীদের সোনালী ভবিষ্যত নষ্টকারী কতিপয় শিক্ষক নামধারী জ্ঞানপাপীদের কোনও ক্ষমা নেই। এই দেশ ও জাতি ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে আপনাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।
বাংলাদেশ ডাক বিভাগের নৈশ শাখার মাধ্যমে বাড্ডা থেকে জনৈক সোহেল রহমান চিঠিটি পাঠিয়েছেন।
চিঠির নিচে 'দেশ ও জাতির মঙ্গল কামনায়- সচেতন সমাজ' সাক্ষর করা রয়েছে। চিঠির সঙ্গে কাফনের কাপড় আটকানো ছিল।
গত ফেব্র"য়ারি মাসে অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাতের কাছেও একই নাম ও ঠিকানা থেকে একই ধরনের একটি চিঠি আসে।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠির বিষয়টি নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। এরপর বিভাগীয় শিক্ষকরা উপাচার্যের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেন।
হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নেবে বলে অধ্যাপক আরেফিন সিদ্দিক জানান।
গত কয়েক বছরে অধ্যাপক সিদ্দিককে বেশ কয়েকবার এ ধরনের হুমকি দেওয়া হয়। বিএনপি সরকারের সময়ে নিরাপত্তার জন্য তাকে গানম্যানও দেওয়া হয়েছিল। গত ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে বাসায় ককটেল হামলার পর অধ্যাপক আরেফিন সিদ্দিকের নিরাপত্তায় পুলিশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/কিউএইচ/১৬৫৯ ঘ.
bdnews24