২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার সকাল থেকে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার সকাল থেকে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার সকাল থেকে আবার দুই পক্ষে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাংচুর হয়। দুপুরের আগে ছাত্রলীগ কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। দুপুরেও পরিস্থিতি শান্ত হয়নি। কর্তৃপক্ষ বিকাল ৫টার মধ্যে ছাত্রাবাসগুলো খালি করার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা জানায়, শনিবার রাত ১০টায় ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের ডাইনিংয়ে বসা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে প্রথমে তর্ক হয়। এ নিয়ে এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাতেই দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া এবং প্রায় ১০/১৫টি কক্ষ ভাঙচুর হয়। রোববার সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রশিবির কর্মীদের ছাত্রাবাস থেকে বের করে দেয় ছাত্রলীগ কর্মীরা। শিবির কর্মীরা ছাত্রাবাসে উঠতে গেলে আবার সংঘর্ষ বাধে। এরই মধ্যে ছাত্রলীগের একটি অংশ শিক্ষা ভবনের ভেতরে কয়েকটি কক্ষের দরজা-জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। সকাল ১১টার দিকে ছাত্রলীগকর্মীরা ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ভেতরে ঢুকিয়ে দেয়। ওই সময় বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ইকবাল হোসেন শাহীনের অবস্থা গুরুতর। ছাত্রলীগ কর্মী এনামুল সাংবাদিকদের কাছে দাবি করেন, ছাত্রশিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের প্রায় ৬/৭টি কক্ষ ভাঙচুর করে। অপরদিকে শিবিরকর্মী তুষারের দাবি, ছাত্রলীগের কর্মীরা বিনা কারণে শিবিরের এক কর্মীকে মারধর করে। এর প্রতিবাদ করলে তারা শিবিরকর্মীদের ওপর হামলা চালায়। অধ্যক্ষ মো. সামছুল আলম সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকাল ৫টার মধ্যে ছাত্রাবাস খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, "ছাত্রলীগ ও শিবিরের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতরাত থেকেই উত্তেজনা চলে আসছিল। আজও উত্তেজনা চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।" সংঘর্ষে আহত তিন জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা হলেন শেষ বর্ষের ছাত্র এস.এম.শ্রাবণ ,তৃতীয় বর্ষের মো. আখতারুজ্জামান , দ্বিতীয় বর্ষের রায়হান, মোতাহার হোসেন, সাজিব এবং প্রথম বর্ষের ছাত্র শাকিল। এদের মধ্যে শ্রাবণ, মোতাহার হোসেন এবং সাজিব মেডিকেল কলেজের ওয়ার্ডে ভর্তি আছেন। আহতদের মধ্যে শাকিল ছাড়া বাকি সবাই লতিফ ছাত্রাবাসের আবাসিক ছাত্র। শাকিল বলেছেন, ক্লাস করতে এসে তিনি গণ্ডগোলের মধ্যে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/এসকে/১৭৫৬ঘ.