জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো অবৈধ দখলমুক্ত করার দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা। এ দাবিতে রোববার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছে তারা।
'আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী' ব্যানারে শিক্ষার্থীরা সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মানববন্ধন করে। এরপর সকাল সাড়ে ১১টায় তাদের মিছিল শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমাবেশ করে এবং উপাচার্য ড. এস আই খানকে স্মারকলিপি দেয়।
শহীদ মিনারের সমাবেশে আগামী রোববার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব হল অবিলম্বে দখলমুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেদখল হওয়া হলগুলো উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য একটি সিএ ফার্মকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।"
প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল থাকলেও বিভিন্ন সময়ে প্রভাবশালীরা ১১টি হলই দখল করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জেকে/১৮০০ ঘ.
bdnews24