ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে অভিভাবক প্রতিনিধি নির্বাচন বাতিল করেছে সরকার। এখন থেকে মেধাক্রম অনুযায়ি শীর্ষস্থানীয় পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি মনোনীত করা হবে।
কোন শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবককে কোন সময়ের জন্য প্রতিনিধি করা করা হবে তা একটি নীতিমালার মাধ্যমে ঠিক করা হবে।
এছাড়া, স্থানীয় প্রশাসনের প্রথম শ্রেণীর কোনো কর্মকতা তিনটির বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না।
জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে রোববার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অধ্যাদেশ ২০০৮' অনুমোদন দেওয়ার মাধ্যমে এসব সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা তার মনোনীত কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকার দুই-তৃতীয়াংশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হবেন। তবে কোন কর্মকর্তা তিনটির বেশি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না।"
তিনি আরও বলেন, "কমিটিতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠাতা ও দাতাশ্রেণীর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। তবে অভিভাবক প্রতিনিধি হিসেবে মেধাক্রম অনুযায়ী শীর্ষস্থানীয় পাঁচজন শিক্ষার্থীর অভিভাবক থেকে একজনকে আলাদা নীতিমালার মাধ্যমে প্রতিনিধি করা হবে। পরিচালনা কমিটির প্রতিনিধি ঠিক করতে কোনো নির্বাচন হবে না।"
অধ্যাদেশটি জারির ৯০ দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নতুন পরিচালনা পর্ষদ করতে হবে বলে জানান প্রেস সচিব।
দেশে এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ হাজার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ অর্ধশতাধিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রয়েছেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দলীয় বিবেচনায় সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ২০০৬ সালের ১২ নভেম্বর রাজনৈতিক ব্যক্তিদের এসব পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সে সময় একটি পরিপত্র জারি করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাদের মনোনীত নিরপেক্ষ ও নিদর্লীয় ব্যক্তিদের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি করতে বলা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের ওই সিদ্ধান্তের পর থেকে স্থানীয় শীর্ষ কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ায় নিজেদের কাজে ব্যাঘাত ঘটছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজও তারা ঠিকমতো করতে পারছেন না।
মন্ত্রণালয়ের একজন ঊচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কারণে সরকার স্থানীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের ওপর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাড়তি দায়িত্ব কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে।
পেনশন পরিশোধ আরও সহজ করার উদ্যোগ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোববারের সভায় সরকারি চাকরিজীবীদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ আরও সহজ করতে বিদ্যমান সংশ্লিষ্ট বিধি ও পদ্ধতি সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
তিনি জানান, দ্য টাউন ইমপ্র"ভমেন্ট অ্যাক্ট- ১৯৫৩ এর কিছু ধারা সংশোধনের প্রস্তাব, ট্রেড মার্কস (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ এবং চার্টার্ড সেক্রেটারিজ (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করা হয়।
প্রেস সচিব বলেন, বৈঠকে সাধারণ বীমা কর্পোরেশনের মাধ্যমে এশিয়ান রি-ইন্সুরেন্স কর্পোরেশন ব্যাংকক- এ অর্থ বিনিয়োগ (শেয়ার ক্রয়) প্রস্তাব; বাংলাদেশ ও ভূটানের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া, জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি- বাংলাদেশ) অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমএ/এসএনডি/এসকে/২১৪৫ঘ.
bdnews24