রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ৫৪৪ সিরিজের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
ঈদের ছুটির আগে তারা তিন দিন ধর্মঘট পালন করেছে। ছুটি শেষে শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে কর্মচারীরা।
ধর্মঘটের কারণে রোববার কোন বিভাগেই ক্লাশ-পরীক্ষা হয়নি। ক্যাম্পাস ছিল অচল।
এ অবস্থায় উপাচার্য লাউঞ্জে ভারপ্রাপ্ত উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কমিটির সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সব বিভাগের ইনকোর্স, চুড়ান্ত ও মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নিজ নিজ বিভাগের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপাচার্য ড. মামনুনুল কেরামত জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ৫৪৪ সিরিজের কর্মচারী এবং 'উপর মহলের' সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
২০০৪ সালে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫৪৪ জন কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। এদের মধ্যে দুই শতাধিক কর্মচারীর নিয়োগ স্থায়ী করা হলেও বাকিদের হয়নি। এরা চাকরি স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন।
ধর্মঘটী কর্মচারীরা রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম, মাসুদ রানা, আমিরুল ইসলাম প্রমুখ। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ধর্মঘটের কারণে ১৭ দিনের ছুটি শেষে ক্যাম্পাসে এসে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
এর আগে ১৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এখন আবার ধর্মঘটের কারণে ক্লাশ-পরীক্ষা হচ্ছে না।
রোববার ইতিহাস বিভাগের দুটি বর্ষের নির্ধারিত চুড়ান্ত পরীক্ষা হয়নি। ইসলামের ইতিহাস, রসায়ন ও ইংরেজি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের সোমবারের সাক্ষাৎকার অনির্দিকালের জন্য স্থগিত হয়েছে।
ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জসীম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মচারীদের ধর্মঘট আমাদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ধর্মঘট চলতে থাকলে আমরা দীর্ঘ সেশনজটে পড়বো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24