রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
এবার বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগের ৫০টি বিষয়ে ৩২২০ আসনের জন্য আবেদনপত্র জমা পড়েছে তিন লাখ ৩৯ হাজার ৪৫৯টি। এ হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রাথী ১০৫ জন। গত বছর জমা পড়েছিল দুই লাখ ৮৩ হাজার ২৬৯টি আবেদনপত্র।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচিসহ বিস্তারিত তথ্য রাবিরিি .িৎঁ.ধপ.নফ ওয়েব সাইটে পাওয়া যাবে। প্রথমবারের মতো এবার ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ওয়েব সাইটে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার কর্মকর্তা সুশীল চন্দ্র শনিবার জানান, প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন রোববার সকাল ৯টা থেকে বাংলা, ১১টা থেকে দর্শন, দুপুর ১টা থেকে ইংরেজি এবং বিকেল সাড়ে ৩টা থেকে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা।
তিনি জানান, এ বছর সর্বোচ্চ আবেদনপত্র জমা পড়েছে ব্যবস্থাপনা বিভাগে ১৬ হাজার ৮৬৬টি এবং সর্বনিম্ন নাট্যকলা ও সঙ্গীত বিভাগে ৬৬৫টি।
এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রশিবিরের পক্ষ থেকে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের বোর্ড স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোর্ড রাখার স্থান নিয়ে সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির আশঙ্কায় এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপরও কোনো সংগঠন এ ধরনের কাজ করে থাকলে সেটি আমার জান নেই।"
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুন বলেন, "কোন সংগঠন প্রশাসনের নিষেধাজ্ঞা মানবে না তা মেনে নেওয়া যায় না। প্রশাসনের দুর্বলতার কারণেই তারা এ সাহস পাচ্ছে।"
তবে ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী দবি করেন, এ ধরনের নিষেধাজ্ঞার কথা তাদের জানা নেই। পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বোর্ড স্থাপন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসএনডি/১৭৪৫ ঘ.
bdnews24